মানুষের করা অনুবাদ · অনুবাদ: Rajendralal Acharya (†1961) · উৎস: Wikisource · পাবলিক ডোমেইন
জো এবং কেনেডি ক্ষিপ্রহস্তে তৃণ সংগ্রহ করিতে লাগিলেন।
ফার্গুসন্ ছুরিদ্বারা বেলুনের তলদেশে একটী অপেক্ষাকৃত বৃহৎ ছিদ্র করিলেন। বেলুনে যতটুকু গ্যাস ছিল, সব বাহির হইয়া গেল। তিনি তখন নিম্নে সঞ্চিত তৃণে অগ্নি সংযোগ করিলেন। ক্রমেই বেলুনের গর্ভে উষ্ণ বায়ু প্রবেশ করিতে লাগিল এবং অল্পকাল মধ্যেই উহা পুনরায় ফুলিতে আরম্ভ করিল।
বেলা যখন প্রায় ১টা তখন তাঁহারা দেখিলেন, দুই মাইল দুরে দস্যুদিগের অশ্ব দেখা যাইতেছে।
কেনেডি বলিলেন—
“ওরা বোধ হয় ২০ মিনিটের মধ্যে এসে পড়বে।” ফার্গুসন্ তিলমাত্র বিচলিত না হইয়া কহিলেন—
“আসুক না ওরা। জো আরো তৃণ দাও—আরো—আরো দশ মিনিটের মধ্যেই আমরা সরে’ পড়তে পারবো!
তখন বেলুনের প্রায় অর্দ্ধেক অংশ উষ্ণ বায়ুতে পূর্ণ হইয়াছিল। ফার্গুসন্ বলিলেন—
“বন্ধুগণ, একবার যেমন করে বেলুনের জাল ধরে’ এসেছিলে, তেমনি করে যাবার জন্য প্রস্তুত হও।”
তাঁহারা প্রস্তুত হইলেন। বেলুনের নিম্নে শুষ্ক তৃণ পুড়িতে লাগিল। ছিদ্র মুখে বেলুন গর্ভে উষ্ণ বায়ু প্রবেশ করিতে লাগিল। বেলুন উড়িবার মত হইল।
দস্যুগণ তখন ৫০০ শত হস্ত মাত্র দূরে ছিল। তাহারা সকলে একত্রে বন্দুক ছুড়িয়া জয়ধ্বনি করিয়া উঠিল।
ফার্গুসন্ অগ্নি মধ্যে আরো কিছু তৃণ দিয়া উচ্চকণ্ঠে কহিলেন—“হুসিয়ার—খুব শক্ত করে জাল ধর।”
দেখিতে দেখিতে বেলুন সেই বৃক্ষের মাথায় উঠিল। তালিবাগণ পুনরায় গুলি করিল। একটা গুলি জো’র স্কন্ধের নিকট দিয়া সোঁ করিয়া চলিয়া গেল। কেনেডি এক হস্তে জাল ধরিয়া অপর হস্তে বন্দুক ছুড়িলেন। একজন দস্যু ধরাশায়ী হইল। বেলুন তখন প্রায় ৮০০ ফিট্ উপরে উঠিয়াছিল। দস্যুগণ ভীষণ চীৎকার করিতে লাগিল।
উপরে বেগশালী বায়ু-প্রবাহ ছিল। ভিক্টোরিয়া ভয়ানক দুলিতে দুলিতে বায়ু চালিত হইয়া অগ্রসর হইতে লাগিল। ফার্গুসন্ দেখিলেন, পদনিম্নে সেই ভীষণ জলপ্রবাহ বিশাল শব্দে ১৫০ ফিট্ নিম্নে ঢলিয়া পড়িতেছে।
দশমিনিট মধ্যেই বেলুন জলপ্রপাত পার হইল এবং তীরের নিকটেই বারি মধ্যে পতিত হইবামাত্র ফার্গুসন্ বন্ধুদ্বয় সহ বেলুন হইতে ঝম্প প্রদান করিলেন।
নিকটবর্ত্তী ফরাসী উপনিবেশের কয়েক জন সৈনিক একান্ত বিস্মিত ও ভীত হইয়া এই ব্যাপার নিরীক্ষণ করিতেছিল। তাহারা জলে নামিয়া পর্য্যটকদিগকে ধরিয়া তুলিল। ভিক্টোরিয়া তখন খরস্রোতে ভাসিতে ভাসিতে নিমিষে গুইনা-প্রপাত মধ্যে অদৃশ্য হইল!
ফরাসী লেফ্টেনাণ্ট সাগ্রহে হস্ত প্রসারণ করিয়া ফার্গুসন্কে কহিলেন—
“আপনিই কি, ডাক্তার ফার্গুসন্?”
“আমিই ফার্গুসন্। এঁরা আমার সহযাত্রী—আমার বন্ধু।”
“চলুন, দুর্গে যাই! আপনাদের এই দুঃসাহসিক পর্য্যটনের কথা আমি আগেই সংবাদ পত্রে পড়েছি।”
বন্ধুগণ সহ ফার্গুসন্ ফরাসী দুর্গে গমন করিলেন।
সমাপ্ত